|

ভরাডোবা হাইওয়ে থানার অভিযানে ৯০ বোতল ভারতীয় মদ উদ্ধার, আটক ১

প্রকাশিতঃ ১২:০৭ pm | এপ্রিল ১৭, ২০২৬

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকায় ভরাডোবা হাইওয়ে থানার বিশেষ অভিযানে ৯০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) ভোর আনুমানিক ৫টা ৫০ মিনিটে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাঠালী বাগরাপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ভরাডোবা হাইওয়ে থানার একটি টহল দল।

পুলিশ জানায়, অভিযানের সময় একটি সন্দেহভাজন প্রাইভেটকার (ঢাকা মেট্রো-খ-১২-২৩৪০) থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ি থেকে অবৈধভাবে পরিবহনকৃত মোট ৯০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের মধ্যে ছিল— ব্ল্যাক (৭৫০ মিলি) ১৬ বোতল, এসি ব্ল্যাক (৩৭৫ মিলি) ৩০ বোতল এবং ম্যাকডাওয়েলস নং-১ লাক্সারি (৭৫০ মিলি) ৪৪ বোতল। এসব মদের মোট পরিমাণ ৫৬.২৫ লিটার এবং আনুমানিক মূল্য ১ লাখ ৮৯ হাজার টাকা।

এ ঘটনায় মো. রাকিব (২৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার পশ্চিম শালকোনা এলাকার বাসিন্দা।

ভরাডোবা হাইওয়ে থানা অফিসার ইনচার্জ ইশতিয়াক আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯০ বোতল ভারতীয় মদ সহ একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।এসময় একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।