ভালুকায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের পরিবারের উপর হামলা
প্রকাশিতঃ 6:21 pm | October 26, 2026
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের ভালুকায় জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের পরিবারের তিন সদস্যকে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে ছোট ভাই কামাল হোসেনের বিরুদ্ধে।
এ ঘটনায় কামাল হোসেন, তাঁর স্ত্রী-ছেলেসহ অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী পরিবারের ছেলে মো. আল-ইমরান (২৬)।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের সীডস্টোর এলাকার খিলবাড়ী পশ্চিমপাড়ায় বসতভিটার জমি নিয়ে দুই ভাইয়ের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর জেরে গত ২০ অক্টোবর সকালে অভিযুক্ত ব্যক্তিরা দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে প্রবেশ করে জামাল উদ্দিন, তাঁর স্ত্রী লুৎফা বেগম মনি ও ছেলে আল-ইমরানকে মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে।
এতে তিনজনই আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে জামাল উদ্দিন ও তাঁর স্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আল-ইমরান প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি আসেন।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, ঘটনাটি তদন্ত শেষে মামলা রুজু করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

