|

ভালুকায় ধানকূড়া রিসোর্ট বন্ধের দাবীতে মানববন্ধন 

প্রকাশিতঃ 11:39 pm | October 22, 2026

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকায় ধানকূড়া রিসোর্টে মাদক, জুয়া ও যৌনাচারসহ নানা অবৈধ কর্মকাণ্ডের অভিযোগ তুলে স্থায়ীভাবে রিসোর্টটি বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। এসব কর্মকাণ্ডের কারণে এলাকার সামাজিক পরিবেশ বিপর্যস্ত হওয়ার পাশাপাশি তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়ছে বলে দাবি করেছেন তারা।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে উপজেলার ৮ নং ডাকাতিয়া ইউনিয়নের ইন্তারঘাট বাজারের সর্বস্তরের জনগণের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ অন্তর, স্থানীয় বিএনপি নেতা সেলিম আকন্দ, মাওলানা মামুন অর রশিদ, হৃদয় তালুকদার, মাওলানা আনোয়ার হোসেন, মাওলানা শফিউদ্দিন, হাফেজ মাওলানা তানভীর কাশেমী ও জাকির হোসেন মাস্টার।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ইন্তারঘাট এলাকার ধানকূড়া রিসোর্টকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে মাদক, জুয়া ও যৌনাচারসহ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড চালানো হচ্ছে। এসব কর্মকাণ্ডের বিস্তার ঘটলে তরুণ সমাজ মাদকাসক্তি, জুয়ায় অর্থ অপচয় এবং নৈতিক অবক্ষয়ের দিকে ঝুঁকে পড়ার আশঙ্কা রয়েছে। এর প্রভাবে পারিবারিক অশান্তি, অপরাধপ্রবণতা ও সামাজিক অবক্ষয় বাড়তে পারে বলেও উদ্বেগ প্রকাশ করেন তারা।

বক্তারা বলেন, একটি এলাকার সুস্থ সামাজিক পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা রক্ষায় এ ধরনের অভিযোগ উপেক্ষা করার সুযোগ নেই। মাদক ও জুয়ার মতো কর্মকাণ্ড যুবসমাজকে বিপথে ঠেলে দেওয়ার পাশাপাশি পরিবার ও সমাজে দীর্ঘমেয়াদি ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। একই সঙ্গে স্থানীয়দের স্বাভাবিক জীবনযাত্রা, সামাজিক মূল্যবোধ ও এলাকার পরিবেশ রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

এ সময় ক্ষুব্ধ এলাকাবাসী দ্রুত প্রশাসনিক তদন্তের মাধ্যমে অভিযোগগুলোর সত্যতা যাচাই এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পাশাপাশি ধানকূড়া রিসোর্টটি স্থায়ীভাবে বন্ধের দাবি তুলে তারা বলেন, অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।