|

আমিরাবাড়ী ইউনিয়নে পরিবর্তনের প্রত্যাশা, চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান মফিজুল ইসলাম ফকির

প্রকাশিতঃ 2:00 am | September 19, 2026

বিশেষ প্রতিনিধি : 

ময়মনসিংহের ভালুকা উপজেলার ১২নং আমিরাবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন মো. মফিজুল ইসলাম ফকির। তিনি ভালুকা-ত্রিশাল মৈত্রী ডিগ্রি কলেজের প্রভাষক।

ইতোমধ্যে তার পক্ষ থেকে প্রকাশিত প্রচারণামূলক পোস্টারে “পরিবর্তিত ভাবনায় আধুনিক ইউনিয়ন বিনির্মাণে সুন্দর প্রত্যাশায়”—এমন স্লোগান তুলে ধরে ইউনিয়নবাসীর দোয়া ও সমর্থন কামনা করা হয়েছে।

পোস্টারে মফিজুল ইসলাম ফকির আমিরাবাড়ী ইউনিয়নকে একটি পরিচ্ছন্ন, সবুজ, নান্দনিক ও আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন। একই সঙ্গে নাগরিক সেবা সহজীকরণ ও জনবান্ধব প্রশাসন নিশ্চিত করার বিভিন্ন অঙ্গীকার তুলে ধরা হয়েছে।

তার ঘোষিত অঙ্গীকারের মধ্যে রয়েছে—পরিচ্ছন্ন সবুজ ও নান্দনিক ওয়ার্ড গঠন, সড়ক ড্রেনেজ ও নাগরিক সুবিধা নিশ্চিতকরণ, শিক্ষা-স্বাস্থ্য ও সামাজিক সেবার মানোন্নয়ন, মাদকমুক্ত সমাজ ও আইনশৃঙ্খলা সমুন্নত রাখা, যুব সমাজের উন্নয়ন ও কর্মসংস্থানের ব্যবস্থা এবং জবাবদিহিমূলক ও জনবান্ধব ওয়ার্ড পরিচালনা।

মফিজুল ইসলাম ফকির বলেন, মানুষের পাশে থেকে এলাকার উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করাই তার প্রত্যাশা। তিনি আমিরাবাড়ী ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন।

তার সম্ভাব্য প্রার্থিতা ঘিরে স্থানীয়ভাবে আলোচনা শুরু হয়েছে।