ভালুকায় গ্রাম পুলিশের ক্ষমতা খাটিয়ে মারধর থানায় অভিযোগ
প্রকাশিতঃ 6:12 pm | September 05, 2026
ময়মনসিংহের ভালুকায় বাড়ি থেকে ৭০ হাজার টাকা চুরি এবং এ ঘটনায় প্রতিবাদ করায় এক ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন অভিযোগকারীর পরিবার।
ভুক্তভোগী গৃহবধূ নিলুফা (৪০) ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে তিনি বনকুয়া গ্রামের মুর্শিদ চৌকিদার (৪৫), আনু (৫০), নাসরিন (২৫) ও মোস্তাফা কে (৫২) অভিযুক্ত করেছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ২০ আগস্ট অভিযুক্তদের একজনের বাড়ি থেকে ৭০ হাজার টাকা চুরি যায় বলে অভিযোগ ওঠে। এরপর কোনো প্রত্যক্ষ সাক্ষ্য-প্রমাণ ছাড়াই অভিযোগকারীর পরিবারের সদস্যদের সন্দেহ করে তাদের হয়রানি করা হয় বলে দাবি করেন নিলুফা।
অভিযোগে আরও বলা হয়, ঘটনার দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিলুফার স্বামী নজরুল ইসলাম বনকুয়া বাজার থেকে বাড়ি ফেরার পথে রাস্তার মধ্যে অভিযুক্তরা তাকে অতর্কিত হামলা করেন। এ সময় তাকে কিল-ঘুষি মারাসহ নাকে আঘাত করা হয়। পরে রক্তাক্ত অবস্থায় তিনি বাড়িতে এসে অচেতন হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন, অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। নিলুফার দাবি, অভিযুক্ত মুর্শিদ চৌকিদার এলাকায় প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে প্রতিবাদ করা কঠিন। এছাড়া অভিযুক্তরা তাকে ও তার পরিবারের সদস্যদের ভয়ভীতি ও হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।
এ অবস্থায় পরিবারের নিরাপত্তা নিশ্চিত এবং অভিযোগের সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে আবেদন জানিয়েছেন নিলুফা।
এ ব্যাপারে জানার জন্য মুর্শিদ চৌকিদার কে ফোন করা হলে তিনি বলেন আমি কাউকে মারিনাই।
যা পারেন গিয়ে করেন।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহিদুর রহমান জানান অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

