সিএনএন-বিবিসি নির্বাচনকে ভুলভাবে তুলে ধরছে : জয়
প্রকাশিতঃ 5:54 pm | January 01, 2019
ডেস্ক রিপোর্ট, ভালুকার খবর: সিএনএন ও বিবিসি নিউজ আমাদের এই নির্বাচনকে ভুলভাবে তুলে ধরছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
সোমবার রাতে ফেসবুকে নিজ ভেরিফাইড পেজ থেকে দেয়া এক স্ট্যাটাসে তিনি এমন অভিযোগ করেছেন।
‘সংবাদ মাধ্যমে জানা যাচ্ছে ৬৬ শতাংশ ভোটার এবার ভোট দিয়েছেন, যা বাংলাদেশের জাতীয় নির্বাচনে স্বাভাবিক গড় হার। ১০৪,১৯০,৪৮০ জন নিবন্ধিত ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৬৮,৭৬৫,৭১৬ জন।
২০০৮ সালে ভোট প্রদানের হার অন্যান্য বারের চেয়ে বেশি ছিল কারণ তা ছিল ২ বছরের সেনা শাসনের পর প্রথম নির্বাচন। বাকি নির্বাচনগুলোতে ভোট প্রদানের হার ৬০-৭০ শতাংশ।

সারাদেশে ৪০,১৯৯টি ভোট কেন্দ্রের মধ্যে শুধুমাত্র ২২টি কেন্দ্রে অনিয়মের অভিযোগ আনা হয়েছে। অভিযোগের সঙ্গে সঙ্গেই এই ২২টি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত রাখা হয় যা মোট কেন্দ্রের ০.০৫ শতাংশ। অনিয়মের এই হার এখন পর্যন্ত সর্বনিম্ন।
বিভিন্ন স্থানে সংঘর্ষের খবর এসেছে যেখানে মোট ১৭ জন মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে একজন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য যিনি ভোটকেন্দ্র রক্ষা করতে গিয়ে বিএনপি-জামায়াতের কর্মীদের গুলির শিকার হন। নয়জন আওয়ামী লীগ নেতা-কর্মী নিহত হয়েছেন, ছয়জন বিএনপি-জামায়াতের কর্মী এবং একজন জাতীয় পার্টির কর্মী।
সব বিদেশি পর্যবেক্ষক নির্বাচনকে সুষ্ঠু, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ বলে রায় দিয়েছেন।
এটি খুবই হতাশাজনক যে, পশ্চিমা মিডিয়া সিএনএন ও বিবিসি নিউজ আমাদের এই নির্বাচনকে ভুলভাবে তুলে ধরছে।

