ভালুকায় কবি অতুল প্রসাদ সেনের জন্মবার্ষিকী উদযাপন
প্রকাশিতঃ 7:07 pm | October 21, 2020
আনোয়ার হোসেন তরফদার, ভালুকার খবরঃ ময়মনসিংহের ভালুকা উপজেলায় বাংলা গানের অমর স্রষ্টা অতুল প্রসাদ সেনের ১৪৯ তম জন্মদিন উদযাপিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ ভবনে কবি অতুল প্রসাদ সেনের গান, কবিতা আবৃত্তি, জীবন আলেখ্য পাঠ ও আলোচনার মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপনের এ অনুষ্ঠানটি ভালুকা উপজেলার সংস্কৃতি কর্মীদের উদ্যোগ ও অংশগ্রহনে অনুষ্ঠিত হয়েছে।
কবি, লেখক, গবেষক ও আবৃত্তিকার মাহদী হাসান খান এর সভাপতিত্বে কবি অতুল প্রসাদ সেনের কর্ম ও জীবন নিয়ে আলোচনা করেন শিক্ষক কবি ও সাংস্কৃতিক সংগঠক শফিকুল ইসলাম খান, বাংলাদেশ আওয়ামী শিল্পী গোষ্ঠী ভালুকা উপজেলা শাখা সভাপতি সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠক উসমান গনি তুহীন, শিল্পী ও সংগীত প্রশিক্ষক জয়া চক্রবর্তী।
তারা বলেন, কবি অতুল প্রসাদ সেন এক বর্ণাঢ্য জীবনের অধিকারী। একাধারে তিনি ছিলেন কবি, লেখক ও আইনজীবী। সমাজ গঠনে তার কবিতা, গান ও সাংস্কৃতিক কর্ম অপরিসীম ভূমিকা রেখেছে। মোদের গরব মোদের আশা, আ-মরি বাংলা ভাষা… গানটি তার অনন্য সৃষ্টি। যা তাঁর নামকেও ছাড়িয়ে গেছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর অতুল প্রসাদ সেনের সাহিত্য কর্মের প্রশংসা করেছেন।
আলোচকগণ আগামী বছর ভালুকা উপজেলায় অতুল প্রসাদ সেনের সার্ধশত জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদা ও ভাব গাম্ভীর্যের সাথে উদযাপনের বিষয়ে প্রতিজ্ঞা ব্যক্ত করেন। সার্ধশত বার্ষিকী উপলক্ষে বিস্তারিত কর্মসুচি প্রনয়নের উদ্যোগ নেয়া হবে বলে অনুষ্ঠানে জানানো হয়।
ভালুকা উপজেলা সদর থেকে খিরু নদী হয়ে কাওরাইদে অতুল প্রসাদ সেনের সমাধি পর্যন্ত “অতুল যাত্রা” আয়োজনের উদ্যোগকে স্বাগত জানান উপস্থিত শ্রোতা ও সংস্কৃতি কর্মীগণ। অনুষ্ঠানে আলোচনা ও আবৃত্তি করেন আবৃত্তিকার মাহদী হাসান খান, কবির জীবন আলেখ্য পাঠ করেন শেখ সজিব, সঙ্গীত পরিবেশন করেন শিল্পী ও সংগীত প্রশিক্ষক জয়া চক্রবর্তী।

