|

ভালুকায় আওয়ামী লীগের সভাপতি প্রার্থী মহসিন সরকার সবুজকে ঘিরে বিতর্ক

প্রকাশিতঃ 8:07 pm | September 03, 2026

ময়মনসিংহ প্রতিনিধি :
ময়মনসিংহের ভালুকা উপজেলার ১০ নম্বর হবিরবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রার্থী মহসিন সরকার সবুজকে ঘিরে তৃণমূল নেতাকর্মী ও এলাকাবাসীর মধ্যে নানা প্রশ্ন ও অভিযোগ উঠেছে।

এলাকাবাসীর অভিযোগ, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি সরকারের সময়ে তৎকালীন হবিরবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি হেলিম মণ্ডল ও তাঁর ছেলে, বর্তমান যুবদল নেতা আবু সাঈদ জুয়েলের সঙ্গে সম্পৃক্ত থেকে ‘বন্ধন’ নামে একটি সংস্থা পরিচালনা করতেন সবুজ। সিডস্টোর বাজারে তৎকালীন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের মার্কেটের দ্বিতীয় তলায় ছিল প্রতিষ্ঠানটির কার্যালয়।

অভিযোগ রয়েছে, ওই প্রতিষ্ঠানের কার্যক্রমকে কেন্দ্র করে স্থানীয় অনেকের কাছ থেকে অর্থ নেওয়ার পর একপর্যায়ে সবুজ এলাকা ছেড়ে চলে যান। দীর্ঘ সময় পর এলাকায় ফিরে বিএনপির সাবেক নেতা মুহাম্মদ মোর্শেদ আলম ও যুবদল নেতা আবু সাঈদ জুয়েলের সঙ্গে ঘনিষ্ঠতা এবং বিভিন্ন আর্থিক কর্মকাণ্ডের মাধ্যমে তাঁর সম্পদের পরিমাণ বেড়েছে বলেও অভিযোগ করেন স্থানীয়রা।

এলাকাবাসীর দাবি, অতীতে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা ও আর্থিক কর্মকাণ্ড নিয়ে ওঠা অভিযোগের সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন। তাঁদের মতে, সাংগঠনিকভাবে সক্রিয় নন—এমন কাউকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হলে দলের সাংগঠনিক কার্যক্রম আরও ক্ষতিগ্রস্ত হতে পারে।

এ বিষয়ে আওয়ামী লীগের উপজেলা, জেলা ও কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ করে বিতর্কিত অভিযোগের বিষয়ে যাচাই-বাছাই করে দায়িত্ব দেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।