‘আমি শ্রমিকদের ন্যায্য দাবির পক্ষে’ : এমপি বাচ্চু
প্রকাশিতঃ 10:13 pm | November 05, 2026
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
‘আমি সবসময় শ্রমিকদের পক্ষে। শ্রমিকদের ন্যায্য দাবির সঙ্গে আমিও একমত। প্রধানমন্ত্রীসহ আমরাও শ্রমিকদের ন্যায্য দাবির পক্ষে। এ বিষয়ে সরকার ইতিমধ্যে কাজ শুরু করেছে। আগামী জানুয়ারি থেকে বেতন বৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর হবে।’
বৃহস্পতিবার সকালে ময়মনসিংহের ভালুকা উপজেলা পরিষদ হলরুমে শিল্পপ্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন স্থানীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।
এমপি বাচ্চু আরও বলেন, শ্রমিকদের চলমান ন্যায্য দাবিকে কেন্দ্র করে একটি নিষিদ্ধ সংগঠনের দুষ্কৃতিকারী নেতাকর্মীরাও উসকানি দিচ্ছে। তারা শ্রমিকদের ভুল বুঝিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার পাশাপাশি সরকারের সিদ্ধান্ত বাস্তবায়ন পর্যন্ত ধৈর্য ধরার আহবান জানান তিনি।
ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ হোসেনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন শিল্প পুলিশের পুলিশ সুপার মো. আনছার উদ্দিন, ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদসহ শিল্পপ্রতিষ্ঠানের বিভিন্ন অংশীজন।

