ভালুকায় জমি নিয়ে বিরোধে শিক্ষককে পিটিয়ে হাত ভাঙার অভিযোগ
প্রকাশিতঃ 6:52 pm | November 04, 2026
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ভালুকায় জমি নিয়ে পূর্ববিরোধের জেরে বাড়িতে হামলা চালিয়ে কে.এম. সাদেক হোসেন নামে এক শিক্ষককে পিটিয়ে হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা মহিলা দলের নেত্রী শিরিনা আক্তার ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে। এ সময় শিক্ষকের স্ত্রীকেও মারধর করে স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়া এবং বাড়ির গাছপালা কেটে ক্ষতিসাধনের অভিযোগ পাওয়া গেছে।
আহত শিক্ষক কে.এম. সাদেক হোসেন উপজেলার বড়চালা হুসাইনিয়া দাখিল মাদরাসার সহকারী শিক্ষক। বর্তমানে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত শিক্ষকের ছোট ভাই রফিকুল ইসলাম জানান, জমি নিয়ে বিরোধের জেরে মহিলা দলের নেত্রী শিরিনা আক্তার, তাঁর স্বামী ফরিদ মিয়া, ছেলে শান্ত মিয়াসহ তাঁদের লোকজন বাড়িতে প্রবেশ করে তাঁর বড় ভাই ও ভাবিকে মারধর করেন। একপর্যায়ে হামলাকারীরা তাঁর ভাইকে পিটিয়ে এক হাত ভেঙে দেন। এ সময় তাঁর ভাবির স্বর্ণালংকারও ছিনিয়ে নেওয়া হয়। পাশাপাশি বাড়ির গাছপালা কেটে ক্ষতিসাধন করা হয়।
এ বিষয়ে অভিযুক্ত শিরিনা আক্তার ও তাঁর পরিবারের সদস্যদের বক্তব্য পাওয়া যায়নি।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

