রাতের আঁধারে অসহায় পরিবারের মাঝে ত্রাণ পৌঁছে দিচ্ছে ভালুকা ক্লাব
প্রকাশিতঃ 3:04 pm | April 09, 2020
নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: নোভেল করোনাভাইরাস সংক্রমণ রোধে দেশের সকল প্রকার কলকারখানা ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় দেশের বিপুল সংখ্যক মানুষ কর্মহীন হয়ে পড়েছে। ভালুকায় সেই সব কর্মহীন অসহায় নিম্নআয়ের পরিবারের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ভালুকা ক্লাব। কর্মহীণ হয়ে পড়া নিন্মমধ্যবিত্ত ও মধ্যবিত্ত প্রায় ১শত পরিবারের মাঝে এক সপ্তাহের খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন তারা। ভালুকা ক্লাবের এ উদ্যোগের সহযোগী হিসেবে কাজ করছে ব্লাড ডোনার্স সোসাইটি ভালুকা।
ভালুকা ক্লাবের ব্যাতিক্রমি এ আয়োজনের প্রশংসা করে সামাজিক যোগাযোগের মাধ্যমে উৎসাহ দিচ্ছেন নানা শ্রেণী পেশার মানুষ।
এই কার্যক্রমে করোনাভাইরাস এর বিষয়ে সরকারী নির্দেশনা মেনে ও ত্রাণগ্রহীতাদের সুরক্ষা এবং জৈব নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে অসহায় পরিবারের বাড়িতে এসব ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। কোথাও জনসমাগম না করে এসব অসহায় স্বল্পআয়ের মানুষের বাড়িতে গিয়ে ভালুকা ক্লাবের সেচ্ছাসেবীরা এই ত্রাণ সরবরাহ করছে।
প্রথম পর্যায়ে ১০০টি অসহায় পরিবারকে ৫কেজি চাল, ১কেজি ডাল, ২কেজি আলু, ১কেজি পেঁয়াজ, ১লিটার সয়াবিন তেল, লবণ এবং ১টি সাবান এবং অন্যান্য নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপন্যসমূহ কোন ধরনের জনসমাগম না করে রাতের আঁধারে অসহায় মানুষের বাড়ি পৌঁছে দিচ্ছে তারা।
এ বিষয়ে ভালুকা ক্লাব এর প্রতিষ্ঠাতা মো. সুমন খান বলেন, ‘মহান আল্লাহর রহমতে ভালুকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সহযোগিতায় আমরা প্রথম পর্যায়ে ১০০টি পরিবারের কাছে ১সপ্তাহের খাদ্যসামগ্রী সহায়তা পৌঁছে দিতে সক্ষম হয়েছি। আমাদের দ্বিতীয় পর্যায়ে আরো ১০০ পরিবারের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া প্রস্তুতি চলছে। দেশের করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগ মুহুর্ত পর্যন্ত আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে। আমি ভালুকা ক্লাব এর পক্ষ থেকে যেসকল ব্যাক্তিরা সহযোগিতার মাধ্যমে আমাদের পাশে দাঁড়িয়েছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই।’


