অসুস্থ বাবাকে উদ্ধারের দাবিতে মেয়ের সংবাদ সম্মেলন
প্রকাশিতঃ 11:50 am | July 07, 2026
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ভালুকায় অসুস্থ বাবা মো. নুরুল ইসলামকে চাচা ও চাচাতো ভাইদের জিম্মিদশা থেকে উদ্ধার, তাঁর চিকিৎসা নিশ্চিত এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তাঁর একমাত্র মেয়ে নাজমিন আক্তার লিজা।
সোমবার (৬ জুলাই) সকালে ভালুকা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে লিজা অভিযোগ করেন, দীর্ঘদিন প্রবাসে থাকা তাঁর বাবাকে চাচা শামছুদ্দিন, চাচাতো ভাই আপেল মিয়া ও তাঁর স্ত্রী নিপু বিভিন্ন ব্যবসায় এক কোটিরও বেশি টাকা বিনিয়োগে প্ররোচিত করেন। পরে বিনিয়োগের হিসাব চাইলে নির্যাতনের শিকার হয়ে তাঁর বাবা স্ট্রোক করেন বলে দাবি করেন তিনি।
লিজার অভিযোগ, বাবার অসুস্থতার সুযোগ নিয়ে জমিজমা, পাসপোর্টসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র নিজেদের নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে এবং বিভিন্ন খাত থেকে প্রায় ১ কোটি ২০ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, বাবাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিতে বাধা দেওয়া হচ্ছে। এমনকি তাঁকে ও তাঁর স্বামীকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। এ ঘটনায় থানায় অভিযোগ এবং আদালতের মাধ্যমে সার্চ ওয়ারেন্ট নেওয়ার পরও কার্যকর ব্যবস্থা পাওয়া যায়নি বলেও দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে লিজা তাঁর বাবাকে দ্রুত উদ্ধার, প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত এবং অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
তবে অভিযোগ অস্বীকার করে আপেল মিয়া বলেন, গত ১১ মাস ধরে তাঁরাই তার চাচা নুরুল ইসলামের চিকিৎসার দায়িত্ব পালন করছেন। তাঁর দাবি, এ সময়ে লিজা বাবার কোনো খোঁজখবর নেননি। তিনি আরও বলেন, প্রায় সাত মাস আগে লিজার স্বামী তাঁকে প্রস্তাব দিয়েছিলেন, তাঁর চাচা যেহেতু তাঁর কথা শোনেন, তাই জমিজমার কাগজপত্র নিয়ে যোগাযোগ করে লিজার নামে রেজিস্ট্রি করে দিলে তাঁকেও কিছু সম্পত্তি দেওয়া হবে। তাঁদের দাবি, লিজার আগ্রহ মূলত সম্পত্তিকে কেন্দ্র করে।
আপেল মিয়া আরও বলেন, নুরুল ইসলামের কোনো সম্পত্তি তাঁরা আত্মসাৎ বা বিক্রি করেননি। চিকিৎসার খরচ মেটাতে কিছু সম্পত্তি লিজ দিয়ে সেই অর্থ চিকিৎসা ব্যয়ে ব্যবহার করা হচ্ছে।

