ময়মনসিংহে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত
প্রকাশিতঃ 12:56 pm | October 15, 2018
ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ মাদক ব্যবসায়ী পায়েল (২৯) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন জাকির হোসেন নামে এক কনস্টেবল।
পুলিশ ঘটনাস্থল থেকে ১শ পিস ইয়াবা ও ১শ গ্রাম হেরোইন উদ্ধার করেছে।
রোববার (১৪ অক্টোবর) দিনগত রাত সোয়া ১টার দিকে সদর উপজেলার আকুয়া দরগাপাড়া খালপাড় সংলগ্ন একটি ইটভাটার সামনে পাকা সড়কের পাশে এ ঘটনা ঘটে।
নিহত পায়েল আটটি মাদক মামলা, চাঁদাবাজিসহ মোট ১১টি মামলার আসামি। শহরের মাদক জোন হিসেবে পরিচিত পুরোহিতপাড়া এলাকার জালালের ছেলে এই পায়েল।
রাত সোয়া ২টার দিকে জেলা গায়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ওই এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে অজ্ঞাত পরিচয় ছয় থেকে সাতজন মাদক ব্যবসায়ী পুলিশকে লক্ষ্য করে অতর্কিতভাবে গুলিবর্ষণ ও আক্রমণ করে। এসময় পুলিশও পাল্টা গুলি ছুড়লে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়।
তবে ঘটনাস্থল থেকে পায়েলকে (২৯) গুলিবিদ্ধ আহত অবস্থায় পাওয়া যায়। পরে চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি কামাল।

