|

ভালুকায় পাকিস্তানী মিলের দূষিত বর্জ্য বন্ধের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ

প্রকাশিতঃ 4:46 pm | February 26, 2019

প্রভাষক আনোয়ার হোসেন তরফদার, ভালুকার খবরঃ ভালুকা উপজেলার ভরাডোবা ইঊনিয়নের এক্সপেরিয়েন্স টেক্সটাইল (পাকিস্তানি মিল) এর দূষিত বর্জ্যে ফসল নষ্টের প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে ক্ষতিগ্রস্ত শতশত কৃষক ও কৃষাণীরা। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের সামনে প্রায় ঘন্টা ব্যাপী ওই কর্মসূচি পালন করেন তারা।

জানাযায় দীর্ঘ প্রায় ৯ বছর যাবত এক্সপেরিয়েন্স টেক্সটাইলের (পাকিস্তানি মিল) দূষিত বর্জ্যরে ও রঙিন পানির কারণে এলাকার হাজার হাজার একর জমির ফসল বিনষ্ট হচ্ছে। বিক্ষুব্ধ কৃষক কৃষাণীরা উপজেলা পরিষদের সামনের ভালুকা-গফরগাঁও সড়কে মানববন্ধন ও সড়ক অবরোধ করে উপজেলা পরিষদ ঘেরাও করে। পরে ঊপজেলা নির্বাহী কর্মকর্তার আশ্বাসের প্রেক্ষিতে ঘেরাও কর্মসূচি স্থগিত করে।

এসময় ভরাডোবা ইঊনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম তরফদারকে সাথে নিয়ে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন কৃষকরা। বিক্ষুব্ধ কৃষক কৃষাণীরা প্রশাসনকে ওই টেক্সটাইল মিলের দূষিত বর্জ্য বন্ধের জন্য এক মাসের আল্টিমেটাম দিয়ে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন।