ভালুকায় দুই ট্রাকের সংঘর্ষে চালক ও হেলপার নিহত
প্রকাশিতঃ 12:21 pm | March 20, 2020
আনোয়ার হোসেন তরফদার, ভালুকার খবর: ময়মনসিংহের ভালুকায় দুটি ট্রাকের সংঘর্ষে ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভান্ডাব এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জামালপুর জেলার ট্রাক চালক জামাল উদ্দিন (৪০) ও হেলপার শাকিব (২২)।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ২টার দিকে জামালপুর থেকে ছেড়ে আসা মুরগির খাদ্য বোঝাই একটি ট্রাক ভালুকা পৌরসভার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভান্ডাব এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি বালু বোঝাই ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুইজন মারা যান।
খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার ইকবাল হাসানের নেতৃত্বে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।
বিষয়টি নিশ্চিত করে ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার ইকবাল হাসান জানান, জামালপুর থেকে ছেড়ে আসা মুরগির খাদ্য বোঝাই একটি ট্রাক ঘটনাস্থলে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বালু বোঝাই ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ওই ট্রাকের ড্রাইভার ও হেলপার ঘটনাস্থলে মারা যান।

