|

ভালুকায় প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শিল্প প্রতিষ্ঠানের জমি দখলের অভিযোগ, অভিযুক্ত বিএনপি নেতা কামরুল ঢালী

প্রকাশিতঃ ৯:৪০ pm | এপ্রিল ০১, ২০২৬

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলার কাঠালী এলাকায় একটি শিল্প প্রতিষ্ঠানের মালিকানাধীন জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতা কামরুল ঢালীর নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ উঠেছে, প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে প্রকাশ্যে জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন তিনি।

অভিযোগ সূত্রে জানা যায়, কাঠালী ৯নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ মনিরুজ্জামান, যিনি কে.এন্ড.কে টেক্সটাইলস কোম্পানি লিমিটেডে অফিস সহকারী হিসেবে কর্মরত, তিনি প্রতিষ্ঠানটির মালিকের নির্দেশে এ অভিযোগ করেন। অভিযোগে বলা হয়, একই এলাকার বাসিন্দা ও বিএনপি নেতা কামরুল ঢালীসহ কয়েকজন ব্যক্তি কোম্পানির দখলীয় জমি অবৈধভাবে দখলের চেষ্টা করছেন।

অভিযোগের প্রেক্ষিতে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দেয়। পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসেনকে দিয়ে জমির কাগজপত্র যাচাই-বাছাইয়ের নির্দেশ দেন। যাচাইয়ে অভিযুক্ত কামরুল ঢালী প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে ইউএনও তার অফিসিয়াল ফেসবুক আইডিতে কে.এন্ড.কে টেক্সটাইলস কোম্পানি লিমিটেডের কাগজপত্র সঠিক বলে উল্লেখ করে একটি পোস্ট দেন।

তবে অভিযোগ রয়েছে, এসবের পরও অদৃশ্য প্রভাব খাটিয়ে কামরুল ঢালী প্রকাশ্যে জমি দখলের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এতে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং যে কোনো সময় অপ্রীতিকর ঘটনার আশঙ্কা রয়েছে।

অভিযোগে আরও বলা হয়, উক্ত জমির খাজনা নিয়মিত পরিশোধ করা হচ্ছে এবং জমিটি কোম্পানির বৈধ দখলে রয়েছে। তবুও জোরপূর্বক দখলের অপচেষ্টা অব্যাহত রয়েছে।

এ বিষয়ে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর ইসলাম বলেন, “আমরা ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দিয়েছি। উভয় পক্ষকে আদালতের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।”

এদিকে, অভিযোগের বিষয়ে বিএনপি নেতা কামরুল ঢালীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমার জমিতে আমি কাজ করছি, আপনাদের যা মন চায় লিখেন।’