|

ময়মনসিংহ জেলা দক্ষিণ ও মহানগর বিএনপির কমিটি গঠন

প্রকাশিতঃ 11:29 pm | December 06, 2019

আনোয়ার হোসেন তরফদার, ভালুকার খবর: ময়মনসিংহ জেলা দক্ষিণ ও মহানগর বিএনপির নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এই কমিটি অনুমোদন দেন। তবে উত্তর জেলা কমিটি আটকে গেছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিএনপির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। 

এ খবরের সত্যতা নিশ্চিত করে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের তত্ত্বাবধানে নতুন কমিটি গঠিত হয়েছে। আশা করি নতুন নেতৃত্বে দল আরও সুসংগঠিত হবে।

বিএনপির দলীয় সূত্র জানায়, বিএনপির নির্বাহী সদস্য ডা. মাহাবুবুর রহমান লিটনকে আহ্বায়ক এবং জাকির হোসেন বাবলু ও আলমগীর মাহমুদ আলমসহ ১১জনকে যুগ্ম আহ্বায়ক করে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির কমিটি গঠিত হয়েছে। 

এ কমিটির অন্য যুগ্ম আহ্বায়করা হলেন- ফখর উদ্দিন আহম্মেদ বাচ্চু, অধ্যাপিকা রায়হানা ফারুক, আখতারুল আলম ফারুক, শুক্কুর মাহমুদ, ডা. মোফাখারুল ইসলাম রানা, আকতারুজ্জামান বাচ্চু, আবুল হোসেন, মাহাবুবুল আলম ও আল ফাত্তাহ মোহাম্মদ আব্দুল হান্নান খান।

অপরদিকে অধ্যাপক একেএম শফিকুল ইসলামকে আহ্বায়ক এবং আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ও অধ্যাপক শেখ আমজাদ আলীসহ ১০ জনকে যুগ্ম আহ্বায়ক করে ৬০ সদস্য বিশিষ্ট ময়মনসিংহ মহানগর বিএনপির কমিটি অনুমোদন করা হয়। 

কমিটির অন্য যুগ্ম আহ্বায়করা হলেন- কাজী রানা, শাহ শিব্বির আহম্মেদ ভুলু, ফারজানা রহমান হুসনা, অ্যাডভোকেট এমএ হান্নান খান, কায়কোবাদ মামুন, শামীম আজাদ, একেএম মাহাবুবুল আলম ও লিটন আকন্দ।

তবে উত্তর বিএনপির শীর্ষ নেতাদের সমন্বয়হীনতার কারণে আটকে গেছে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির নতুন কমিটি। এ নিয়ে উত্তর জেলা বিএনপির শীর্ষ নেতা-কর্মীদের মাঝে মিশ্রপ্রতিক্রিয়া দেখা গেছে। এতে ক্ষোভ প্রকাশ করে দলীয় নেতা-কর্মীরা জানান, উত্তর বিএনপিতে বড় বড় পদধারী নেতা বেশি। কিন্তু দলের কাজ হয় খুব কম। তাই কমিটি গঠনেও ঝামেলা বেশি।

এ বিষয়ে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ‘কমিটির সকল বিষয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অবগত আছেন। দ্রুত সময়ের মধ্যেইে উত্তর জেলা বিএনপির কমিটিও অনুমোদন পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।