|

ভালুকায় অটোরিকশা চাপায় প্রথম শ্রেনীর শিক্ষার্থী নিহত

প্রকাশিতঃ 2:49 pm | February 07, 2024

নিহত জান্নাত আরা

নিজস্ব প্রতিবেদক

ময়মনসিংহের ভালুকায় রাস্তা পারাপারের সময় ব্যাটারীচালিত অটোরিকশার চাপায় জান্নাত আরা (৭) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। বুধবার(৭ ফেব্রুয়ারী) সকালে উপজেলার ভরাডোবা-ঘাটাইল সড়কের নারাঙ্গী চৌরাস্তায় দুর্ঘটনাটি ঘটে।


জান্নাত উপজেলার মেঞ্জেনা গ্রামের জুলহাস উদ্দিনের মেয়ে ও নারাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে জান্নাত তার চাচা এমরান মিয়ার সাথে স্কুলে যাচ্ছিল। এ সময় ভরাডোবা-ঘাটাইল সড়কের নারাঙ্গী চৌরাস্তায় রাস্তা পার হওয়ার সময় ব্যাটারীচালিত একটি অটোরিকশা তাকে চাপা দিলে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ভালুকা সরকারি হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।


ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে ভরাডোবা-ঘাটাইল সড়কে রাস্তা পার হওয়ার সময় অটোরিকশার চাপায় এক স্কুল ছাত্রী নিহত হয়েছেন। নিহতের লাশ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।