|

ভালুকায় ধনুয়া-ময়মনসিংহ গ্যাস পাইপলাইন প্রকল্প পরিদর্শন, ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের মাঝে চেক বিতরণ

প্রকাশিতঃ 5:26 pm | November 21, 2026

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকায় ধনুয়া-ময়মনসিংহ গ্যাস পাইপলাইন প্রকল্পের নির্মাণকাজ পরিদর্শন এবং প্রকল্পের কারণে ক্ষতিগ্রস্ত ভূমির মালিকদের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে।

শনিবার সকালে উপজেলার দেলিয়াপাড়া এলাকায় এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) ধনুয়া-ময়মনসিংহ প্রকল্পের সেল প্রধান প্রকৌশলী গৌতম ঘোষ। ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর প্রকৌশলী আমির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) রাশিক খান শুষান, জিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. হারুন ভূঁইয়া, বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, আবদুল্লাহ আল মামুন খালেক, গোলজার হোসেন, উসমান গনি মল্লিক মাখন, আব্দুর রহিম আকন্দ, ভালুকা প্রেসক্লাবের সভাপতি মাইন উদ্দিন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাসেল, সাংগঠনিক সম্পাদক তাজমুল হক মন্ডল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে প্রকল্পের নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শনের পাশাপাশি প্রকল্প বাস্তবায়নে ক্ষতিগ্রস্ত ভূমির মালিকদের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হয়।

আয়োজক সূত্রে জানা যায়, ইকোনমিক অপারেটর, পিল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড এবং আর্ক কনস্ট্রাকশন কোম্পানির আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

চেক বিতরণ অনুষ্ঠানে বক্তারা প্রকল্পের কাজ সুষ্ঠু ও নির্ধারিত সময়ে সম্পন্ন করার পাশাপাশি ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের স্বার্থ সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।