|

ভালুকায় জমি বিরোধে গাছের চারা তুলে ফেলার অভিযোগ

প্রকাশিতঃ 12:03 am | September 09, 2026

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় জমি নিয়ে বিরোধের জেরে গাছের চারা তুলে ফেলে ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মোছাঃ শামছুন্নাহার (৪৫) নামে এক নারী ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে উল্লেখ করা হয়, উপজেলার মেদুয়ারী ইউনিয়নের বরাইদ গ্রামের লোহাবৈ মৌজায় অবস্থিত ওই ভোগদখলীয় জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। শামছুন্নাহারের অভিযোগ, তাঁর স্বামী সাইফুল ইসলাম মারা যাওয়ার পর থেকে প্রতিবেশী মোঃ হাসমত আলী (৭০), আঃ রাজ্জাক (৪৮), মোঃ আমির হোসেন (৪০), মোঃ সুরুজ মিয়া (৩০) ও মোঃ হায়দার আলী (২৮) জমিটি দখলের চেষ্টা করে আসছেন।

জমিটিতে চাষাবাদ করতে গেলে অভিযুক্তরা বিভিন্ন সময় বাধা ও হুমকি দিয়ে আসছিলেন বলে অভিযোগ করেন শামছুন্নাহার। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে তিনি জমিতে গাছের চারা রোপণ করেন। পরে অভিযুক্তরা সেখানে গিয়ে রোপণ করা চারাগুলো তুলে ফেলেন এবং কয়েকটি চারা ভেঙে দেন বলে অভিযোগ করেন তিনি। এতে প্রায় ১০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগে দাবি করা হয়।

এ ছাড়া অভিযুক্তরা তাঁকে গালিগালাজসহ খুন-জখমের হুমকি দিয়েছেন বলেও অভিযোগ করেছেন শামছুন্নাহার। জমিটি অভিযুক্তদের বাড়ির পাশে হওয়ায় যেকোনো সময় জোরপূর্বক দখল করে নেওয়ার আশঙ্কা রয়েছে বলেও অভিযোগে উল্লেখ করেন তিনি।

তবে অভিযোগ অস্বীকার না করে অভিযুক্ত হাসমত আলী বলেন, ‘ওই ক্ষেতের দুই পাশেই আমার জমি। দুই জমির মাঝখানে আমি চারা রোপণ করতে দেব না। তাই আমি চারা তুলে ফেলেছি। তবে জমির সীমানা নিয়ে বিরোধ থাকায় পুনরায় জমি পরিমাপ করতে হবে।’

স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করেও সমাধান না হওয়ায় শেষ পর্যন্ত থানায় লিখিত অভিযোগ করেছেন বলে জানান শামছুন্নাহার।

এ বিষয়ে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, ‘৯৯৯-এ ফোন করে অভিযোগ পাওয়ার বিষয়টি আমাদের জানা আছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’