|

ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সেসে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার

প্রকাশিতঃ 6:20 pm | August 28, 2026

ময়মনসিংহ প্রতিনিধি:
স্বাস্থ্যসেবার গুরুত্ব, প্রয়োজনীয়তা এবং দেশের স্বাস্থ্যব্যবস্থায় এর ক্রমবর্ধমান ভূমিকা সম্পর্কে জনসচেতনতা ও পেশাগত জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সেসে ‘স্বাস্থ্যসেবার গুরুত্ব’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

কলেজ অব ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সেসের উদ্যোগে কলেজ মিলনায়তনে আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিলের রেজিস্ট্রার (যুগ্ম সচিব) মো. মোহাম্মদ হারুন অর রশীদ।

ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সেসের অধ্যক্ষ ডা. রুকসানা আক্তার পিটির সভাপতিত্বে এবং বেলা হেলথ অ্যান্ড এডুকেশন ফাউন্ডেশনের সহকারী পরিচালক ইমরান আহমেদের সঞ্চালনায় সেমিনারে কলেজের চেয়ারম্যান ডা. শামীম আহমেদসহ শিক্ষক-শিক্ষার্থী, রিহ্যাবিলিটেশন পেশাজীবী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

সেমিনারে ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিসহ বিভিন্ন ধরনের পুনর্বাসনসেবার গুরুত্ব, প্রয়োজনীয়তা এবং স্বাস্থ্যসেবায় এসব পেশার ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, শারীরিক প্রতিবন্ধকতা, দুর্ঘটনাজনিত জটিলতা ও বিভিন্ন রোগের পরবর্তী পুনর্বাসনে ফিজিওথেরাপি ও অন্যান্য পুনর্বাসনসেবা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আধুনিক স্বাস্থ্যব্যবস্থায় এসব সেবার পরিধি আরও বিস্তৃত করার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো প্রয়োজন।

সেমিনার শেষে অতিথিবৃন্দ কলেজ ক্যাম্পাস পরিদর্শন করেন। পরে প্রধান অতিথি বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিলের রেজিস্ট্রার (যুগ্ম সচিব) মো. মোহাম্মদ হারুন অর রশীদকে সম্মাননা স্মারক প্রদান করেন কলেজের অধ্যক্ষ ডা. রুকসানা আক্তার পিটি।