|

ভালুকায় থানায় অভিযোগের পর ইউপি সদস্যের বাড়িতে হামলা, স্বর্ণালংকার ও টাকা লুটের অভিযোগ

প্রকাশিতঃ 10:40 pm | November 23, 2026

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকায় জমি নিয়ে বিরোধের জেরে থানায় লিখিত অভিযোগ দেওয়ার পর ভোররাতে ইউপি সদস্য আনোয়ার হোসেন আকন্দের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে তাঁর চাচাতো ভাইদের বিরুদ্ধে। এ সময় তাঁকে ঘর থেকে তুলে নিয়ে হত্যার চেষ্টা করা হয় বলে অভিযোগ করেছেন তাঁর স্ত্রী মরিয়ম খাতুন। একই সঙ্গে ঘর থেকে ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ সাত লাখ টাকা লুট করে নেওয়ার অভিযোগও করেছেন তিনি।

ঘটনা সূত্রে জানা যায়, উপজেলার বগাজান গ্রামের বাসিন্দা মরিয়ম খাতুন গতকাল জমি-সংক্রান্ত বিরোধের বিষয়ে ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, তাঁর স্বামী ইউপি সদস্য আনোয়ার হোসেন আকন্দের পৈতৃক জমি দখল করে ঘর নির্মাণের চেষ্টা করছেন তাঁর চাচাতো দেবর আবু সাইদ ও তাঁর লোকজন।

মরিয়ম খাতুনের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দেওয়ার পর আজ ভোররাতে ফজরের নামাজের জন্য ঘর থেকে বের হওয়ার সময় আবু সাইদ ও তাঁর লোকজন আনোয়ার হোসেন আকন্দকে ঘর থেকে তুলে নিয়ে হত্যার উদ্দেশ্যে হামলা চালান। এ সময় ঘরে থাকা ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ সাত লাখ টাকা নিয়ে যান তাঁরা।

তিনি আরও জানান, তাঁদের চিৎকার শুনে পরিবারের অন্য সদস্যরা এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

স্থানীয় রাকিব মিয়া বলেন, ‘ভোরে চিৎকারের শব্দ শুনে ঘুম থেকে উঠি। পরে ঘটনাস্থলে গিয়ে দেখি, আমার চাচাকে মারধরের জন্য শুইয়ে রাখা হয়েছে। আমরা সেখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে অভিযুক্তরা চলে যান।’

এ বিষয়ে অভিযুক্ত আবু সাইদের বক্তব্য পাওয়া যায়নি।

খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে থানা পুলিশ।